বাংলাদেশের ক্রিকেটারদের ভিসা নিয়ে জটিলতা নেই
ফেব্রুয়ারিতে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বাংলাদেশের গ্রুপ পর্বের ম্যাচগুলো কোলকাতা ও মুম্বাইয়ে। কলকাতায় তিনটি ও মুম্বাইয়ে একটি।
এই ম্যাচগুলো ঘিরে বাংলাদেশের দর্শকদের মধ্যে বাড়তি উত্তেজনা। দূরত্বের কারণে ভারতে গিয়ে খেলা দেখতে ইচ্ছুক দর্শকের সংখ্যাও প্রচুর।
কিন্তু রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় এই মুহূর্তে ভারতীয় ভিসা পাওয়া বেশ কঠিন হয়ে পড়েছে বাংলাদেশের নাগরিকদের।
বিশ্বকাপেও ব্যাপারটা সহজ হচ্ছে না দর্শকদের জন্য। অন্তত বিসিসিআই জানিয়েছে সেরকমটাই। শুধু দর্শক নয় বিশ্বকাপ কাভার করতে চাওয়া সাংবাদিকদেরও পড়তে হতে পারে বিপত্তিতে।
সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যম 'ইনসাইডস্পোর্টকে' বিসিসিআইয়ের এক কর্মকর্তা বলেন, 'খেলোয়াড়দের তুলনায় বাংলাদেশি সমর্থক ও সাংবাদিকদের জন্য ভারতীয় ভিসা পাওয়া কঠিন হতে পারে। বিসিসিআই বিষয়টি সমাধানের চেষ্টা করছে, কিন্তু এই মুহূর্তে তা সহজ হবে না।'
তবে ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের ভিসা জটিলতা থাকছে না। বিসিসিআইয়ের সেই কর্তা জানিয়েছে ভারত সরকারের সাথে এ নিয়ে নিয়মিত যোগাযোগ রাখছে তারা।
তিনি বলেন, 'বাংলাদেশ দল এবং তাদের কোচিং স্টাফরা ভিসা পাবেন। টি–টোয়েন্টি বিশ্বকাপের জন্য দ্রুত ভিসা ইস্যুর ব্যাপারে আমরা সরকারের সঙ্গে যোগাযোগ রাখছি।'
২০২৩ ওয়ানডে বিশ্বকাপে ভারতে গিয়ে খেলেছে পাকিস্তান। দলটিকে সর্বোচ্চ নিরাপত্তা দিয়েছে আয়োজক ভারত। বাংলাদেশের ক্ষেত্রেও নিরাপত্তার থাকবে না কমতি।
বিসিসিআই কর্তা যেমনটা বলছিলেন, 'আমরা একটি অতিথিপরায়ণ দেশ। নিরাপত্তা নিয়ে কোনো সমস্যা হবে না। আগের বিশ্বকাপে পাকিস্তান দল যে ধরনের নিরাপত্তা পেয়েছিল, বাংলাদেশ দলও একই মানের নিরাপত্তা পাবে।'
উল্লেখ্য, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে ভারত পুরুষ জাতীয় দলের বাংলাদেশ সফর স্থগিত হয়েছে। অন্যদিকে বাংলাদেশ নারী দলের ভারত সফরের ক্ষেত্রেও হয়েছে একই পরিণতি।
আর এ কারণেই ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে কিছু প্রশ্নের উদ্ভব হয়েছিলো। বিসিসিআই সেসব প্রশ্নেরই উত্তর দিয়েছিল।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন